প্রকাশ : ২২ এপ্রিল ২০২১, ২১:০৬
ঈশ্বরদীতে হেরোইনসহ ইউপি মেম্বার ধরা
পাবনার ঈশ্বরদীতে হেরোইনসহ হাবিবুর রহমান হাবিব (৩৫) নামের এক ইউপি মেম্বারকে আটক করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামের সারফুদ্দিনের বাড়ির পাশ থেকে তাকে আটক করে।
আটক হাবিব মেম্বার উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। তার বাবা ফজর আলী মালিথা ওই ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি।
এলাকাবাসী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল অফিস সূত্রমতে, হাবিব মেম্বার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের কারবার চালিয়ে আসছিলেন। ঘটনার দিন সকালে হাবিব মেম্বারের নিকট দুই কেজি হেরোইন থাকার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ খবরের ভিত্তিতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাবিব মেম্বারকে হেরোইনসহ আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেল অফিসের ইনচার্জ ছানোয়ার হোসেন জানান, হাবিব মেম্বারের নিকট থেকে কিছু পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে, যা আলামত হিসেবে রাখা হয়েছে।
তিনি আরো জানান, হাবিব মেম্বার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঈশ্বরদী ও পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এসকে












