তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ১৯:২৮ আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২১:২৮

দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের ওপর ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন, ঝিকরগাছায় ভ্যান উল্টে একজন ও চুয়াডাঙ্গা সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মারা গেছেন।
বিস্তারিত প্রতিনিধিদের খবরে-
দিনাজপুর: দিনাজপুর সদরের কাঞ্চন ব্রিজের ওপরে ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শ্বশুর সোলায়মান (৬৫) নিহত ও তার জামাতা আনিস (৪৫) গুরুতর আহত হন। আহত আনিসকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মাওলা সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোর: ঝিকরগাছায় ছেলের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন পিতা জামাল হোসেন (৬৮)। শনিবার সকাল সাড়ে আটটার দিকে গদখালি সড়ক দিয়ে একটি ভ্যানযোগে পরিবারসহ জামাল হোসেন তার ছেলের মারা যাওয়ার সংবাদ শুনে যাচ্ছিলেন। এ সময় তিনি গদখালী বাজারে দুর্ঘটনায় পরিবারের অন্যান্য সদস্যসহ আহত হন। পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তিনি মারা যান।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, এ ধরনের ঘটনা শুনেছি। তিনি যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
চুয়াডাঙ্গা: সদরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শনিবার বিকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাহেদ আহম্মেদ মালিক (২১) চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার সালাউদ্দিন মালিকের ছেলে।
জানা যায়, শনিবার বিকালে সাহেদ আহম্মেদ মালিক ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বাইসাইকেলযোগে শহরে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় চুয়াডাঙ্গা রেলগেটের কাছে পৌঁছালে প্রথমে একটি ইজিবাইক ধাক্কা দিয়ে ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মিসরে বাস খালে পড়ে নিহত ১৯
বাংলাদেশ জার্নাল/এমপি










