ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

এক ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম: বাড়তি সিম বন্ধে বিটিআরসির উদ্যোগ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৩:৪৯

এক ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম: বাড়তি সিম বন্ধে বিটিআরসির উদ্যোগ
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন—এমন নিয়ম কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যাঁদের কাছে ১০টির বেশি সিম আছে, তাঁদের বাড়তি সিমগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে। তবে তার আগে ব্যবহারকারীদের নিজ উদ্যোগে অপ্রয়োজনীয় সিম বাতিলের সুযোগ দেওয়া হবে।

বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী, এ প্রক্রিয়া শেষ করতে ৫ থেকে ৬ মাস সময় লাগবে এবং নভেম্বরের মধ্যে এটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

বিটিআরসির তথ্যমতে, বর্তমানে নিবন্ধিত প্রকৃত সিম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ২৬ লাখ ব্যবহারকারীর নামে ১০টির বেশি সিম রয়েছে। এসব ব্যবহারকারীর ৬৭ লাখ অতিরিক্ত সিম বাতিলের আওতায় আসবে।

আগামী ১ আগস্ট থেকে ৩ মাস সময় পাবেন গ্রাহকরা—তাঁদের বাড়তি সিম ‘ট্রান্সফার অব ওনারশিপ’ বা বাতিল করার জন্য। এরপর অপারেটরদের মাধ্যমে তালিকা তৈরি করে বিটিআরসি নিজ উদ্যোগে অব্যবহৃত বা কম ব্যবহৃত সিমগুলো বন্ধ করবে।

বেছে নেওয়ার ক্ষেত্রে সর্বশেষ ছয় মাসে সর্বোচ্চ রাজস্ব আনা সিমগুলো অগ্রাধিকার পাবে। প্রতিটি অপারেটরের অন্তত একটি সিম রেখে বাকিগুলো বাতিল করা হবে। গ্রাহক যদি ভুলবশত দরকারি সিম হারান, তবে অপারেটরের মাধ্যমে তা পুনরায় নিবন্ধনের সুযোগ থাকবে।

যাঁরা জানতে চান তাঁদের নামে কতটি সিম আছে, তাঁরা *১৬০০১# ডায়াল করে তথ্য পেতে পারেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত