ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ছোট ভাইকে চড় মারায় কিশোরের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১২:১৪

ছোট ভাইকে চড় মারায় কিশোরের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ‘ছোট ভাইকে চড় মারার’ জের ধরে এক মাদ্রাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত আলী লাদেন (১৬) সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুলের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের এক ব্যক্তির ছোট ছেলের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে লাদেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ১৪ বছর বয়সী ওই কিশোর গালি দিলে লাদেন তাকে চড় মারে।

বিষয়টি জানতে পেরে ওই কিশোরের বাবা ও ১৬ বছর বয়সী বড় ভাই লাদেনের ওপর হামলার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়।

স্থানীয় ও নিহতের পরিবারের অভিযোগ, এরই জের ধরে রাত ৮টার দিকে লাদেন বিদ্যালয়ের মাঠে একা বসে থাকার সময় ১৬ বছর বয়সী কিশোর পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিবেশীরা অভিযুক্ত কিশোরদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আদিতমারী থানার ওসি নাজমুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত