ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল-যুবদলের ২ নেতা নিহত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২০:৪৩

সিটি করপোরেশনের বর্জ্যবাহী ট্রাকচাপায় ছাত্রদল-যুবদলের ২ নেতা নিহত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই রাজনৈতিক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল কাদির জিলানীর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিকান্দি গ্রামে। তিনি নান্নু খন্দকারের ছেলে। অপরদিকে মাসুম বিল্লাহর বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চাঁদপুরা গ্রামে। তিনি বাদশা মিয়ার ছেলে। তবে, তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তারা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। একই সড়কে চলাচলরত নাসিকের একটি বর্জ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে দুজনই ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের কেউ বলছেন, ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়, আবার কেউ দাবি করছেন ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি উদ্ধার করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিস্তারিত তদন্ত চলছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত