ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দেশে ফিরলেন ৭৯ হাজার ১০০ জন হজযাত্রী 

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৯:৪৭

দেশে ফিরলেন ৭৯ হাজার ১০০ জন হজযাত্রী 
ছবি: সংগৃহীত

চলতি বছরের আনুষ্ঠানিক হজযাত্রা শেষে ৭৯ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন শেষে সৌদ আরব থেকে দেশে ফিরেছেন।

বুধবার(১ জুলাই) শেষ দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে ১১৮ জন যাত্রী হজ পালন শেষে দেশে ফেরেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বুধবার রাত ২টা পর্যন্ত মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ২১৬টি। এসব ফ্লাইটে সরকারি মাধ্যমের ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি মাধ্যমের ৭৪ হাজার ৬৪১ জন হাজি দেশে ফিরেছেন। তাদের মধ্যে হজযাত্রী ছাড়াও মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মীরা রয়েছে।

এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৬৭ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৭৭ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন।

এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ৮ হাজার ১১৩ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

এ বছর হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা ১ জুলাই শেষ হয়েছে।

সৌদি আরবে এ বছর এখন পর্যন্ত যে ৫৫ জন হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩৭ জন পুরুষ এবং ১৮ জন নারী। এদের মধ্যে মক্কায় ৩৭ এবং মদিনায় ১৭ এবং জেদ্দায় একজন মারা গেছেন। আর, মিনা, আরাফা, মুজদালিফায় কোনো হাজির মৃত্যুর তথ্য নেই।

গেল বছর হজে গিয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে হজে গিয়ে ১২১ জন হাজি ও হজযাত্রী মারা যান, যা কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।

ধর্ম মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে এ পর্যন্ত ৬৭টি হাজার ১৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এছাড়া, ৪১৫ জন হাজি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ছয়জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।

এ বছর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ৩০টি লিড হজ এজেন্সির আওতায় সরকারি কোটায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি কোটায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী হজের কার্যক্রমে অংশ নেন।

গত ১৮ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে প্রথম প্রাক-হজ ফ্লাইট ঢাকা ছাড়ে এবং শেষ ফ্লাইট পৌঁছায় ২১ মে।

এ বছর ঢাকা বিভাগ থেকে সবচেয়ে বেশি ২৮ হাজার ৩৯৪ জন হজে গিয়েছেন, আর, বরিশাল বিভাগ থেকে সর্বনিম্ন ২ হাজার ৭১৪ জন হজে গিয়েছেন। হজযাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ, ৩৫ শতাংশ নারী।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত