ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

  প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬:৩০

দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। পরে ওই নারীদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে ৯ নারীকে নিয়ে অবস্থান করছেন বিএসএফ। এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন খিয়ারমামুদপুর ২৯১/ ২০ এস নম্বর সীমান্ত পিলারের এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানান, ভোররাতে ভারতের শ্রী রামপুর এলাকা থেকে ৯ জন নারীকে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করেন।

বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ৯ নারীকে বাংলাদেশে প্রবেশ করাতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের আবারও ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়।

ঘটনার পর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়তে দেখা যায়। এতে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবির সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

স্থানীয় গ্রামবাসী আবুল হাসেম আলী জানান, ভোরের দিকে বিজিবির বাঁশির শব্দ শুনে আমরা ঘুম থেকে উঠে সীমান্তের দিকে যাই। সেখানে গিয়ে দেখি কয়েকজন নারী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। পরে বিজিবির সদস্যদের সঙ্গে আমরাও তাদের বাংলাদেশে ঢুকতে বাধা দিই। এরপর তারা আবার ভারতের দিকে ফিরে যায়।

স্থানীয় গ্রামবাসী খাদেমুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় এরকম ঘটনা ঘটলে আমাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভোরে ৯ জন নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। পরে সীমান্তে বিএসএফের লোকজনের উপস্থিতিও বাড়ে। তবে বিজিবি সতর্ক থাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিএসএফ ৯ জন নারীকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে তারা ফিরে যেতে বাধ্য হয়। পরে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি স্বাভাবিক ছিল।

এ বিষয়ে ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম জানান, ভারত থেকে অবৈধভাবে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তা প্রতিহত করে তাদের ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে যাতে কোনো ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এদিকে, পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ৯ নারী ভারতীয় সীমান্তেই অবস্থান করছে বলে জানা গেছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত