ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ৭ ঘন্টা আগে
শিরোনাম

শেয়ারবাজারে টানা দরপতনে বাড়ছে বিনিয়োগকারীদের ক্ষোভ

  বাণিজ্য ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ১৬:২০

শেয়ারবাজারে টানা দরপতনে বাড়ছে বিনিয়োগকারীদের ক্ষোভ
ছবি: শাটারস্টক

দেশের শেয়ারবাজার চলছে একটানা দরপতনের বৃত্তে, যা বিনিয়োগকারীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ তৈরি করেছে। প্রতিদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমায় দিন যত যাচ্ছে, বিনিয়োগকারীদের লোকসান তত বাড়ছে। ক্ষতিগ্রস্ত একটি বড় অংশ এখন রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের পদত্যাগ দাবি করছেন।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে ডিএসইতে গত ১৩ কার্যদিবসের মধ্যে ১২ দিন এবং সিএসইতে টানা ১৩ দিন দরপতন হয়েছে।

মঙ্গলবার মতিঝিল ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। তারা বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান দাবি করেন।

বাজারের পতনমুখী ধারার মধ্যেও বুধবার লেনদেনের শুরুতে কিছুটা ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও পরে তা টিকে থাকেনি। দিনের শেষে ডিএসইতে ১৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৭৫টির কমেছে এবং ৬২টির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৯১৭ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক সামান্য বেড়ে ১,০৯৪ পয়েন্টে পৌঁছেছে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৮২২ পয়েন্টে।

লেনদেনের দিক থেকে বাজার কিছুটা সক্রিয় ছিল। ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৬৩ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৩৫ কোটি টাকা বেশি। সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ারে (১৮.৮৭ কোটি টাকা), এরপর মিডল্যান্ড ব্যাংক (১৮.৭৬ কোটি) ও বিচ হ্যাচারি (৯.৮৬ কোটি)।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও পতনের ধারা অব্যাহত রয়েছে। সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট কমেছে। ২৩৩টি কোম্পানির মধ্যে ৮৮টির দাম বেড়েছে, ১১৬টির কমেছে এবং ২৯টির অপরিবর্তিত ছিল। বাজারটিতে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৮ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় প্রায় চার গুণ বেশি।

শেয়ারবাজারের চলমান এই অস্থিরতা কতদিন থাকবে, সে প্রশ্নে উদ্বেগে দিন কাটাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরা।

বাংলাদেশ জার্নাল/এজেএইচ

  • সর্বশেষ
  • পঠিত