ওয়ালটন পুনরায় পেলো বছরের সেরা প্রতিষ্ঠানের সম্মাননা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৭ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৮

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডের ‘বেস্ট এন্টারপ্রাইজ অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার অর্জন করেছে। এটি ওয়ালটনের জন্য দ্বিতীয়বার এ মর্যাদাপূর্ণ পুরস্কার। এর আগে ২০১৪ সালে ওয়ালটন এই সম্মাননা অর্জন করেছিল।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত ২৩তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ওয়ালটনকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. মিয়ারুল হক এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম জানান, “ওয়ালটন ব্র্যান্ডের প্রতি ক্রেতা, শুভাকাঙ্খী ও বিনিয়োগকারীদের আস্থা ও সমর্থনের ফলে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই সম্মাননা অর্জিত হয়েছে। আমাদের লক্ষ্য হলো বৈশ্বিক বাজারে ওয়ালটনকে অন্যতম সেরা গ্লোবাল কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশকে এআই, আইওটি সমৃদ্ধ উদ্ভাবনী, টেকসই ও পরিবেশবান্ধব স্মার্ট প্রযুক্তিপণ্যের উৎপাদন হাবে পরিণত করা। ইতোমধ্যে ফ্রিজ, এসি সহ বিভিন্ন পণ্যে এআই ও আইওটি বেজড উদ্ভাবনী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে ওয়ালটন দেশের সক্ষমতা বিশ্বদরবারে তুলে ধরেছে। ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা ও মন জয় করছে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার ৫০টির বেশি দেশে ওয়ালটনের ব্র্যান্ড সম্প্রসারণ হয়েছে। ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড এ অগ্রযাত্রা ত্বরান্বিত করবে।”
উল্লেখ্য, দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর অবদান স্বীকৃতির জন্য ২০০০ সাল থেকে ডিএইচএল এক্সপ্রেস ও দ্য ডেইলি স্টার যৌথভাবে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এবারের ২৩তম আসরে ২০২৪ সালে ওয়ালটনসহ মোট ৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে।
ওয়ালটন চলতি বছর বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: ইএসজি ক্যাটাগরিতে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ এবং যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক পরিবেশবান্ধব কারখানার জন্য লিড প্লাটিনাম সনদ।
বাংলাদেশ জার্নাল/এনএম










