ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

কাজ না করলে দিনশেষে সবকিছুই মূল্যহীন: সাইমন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৫:২৯

কাজ না করলে দিনশেষে সবকিছুই মূল্যহীন: সাইমন

এই সময়ের ব্যস্ত ও জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক শুটিংয়ের বাইরে সময় দিচ্ছেন চলচ্চিত্র শিল্পী সমিতিতে। কিছুদিন আগেই নির্বাচনে নেতৃত্বে এবার ‘সহ-সাধারণ সম্পাদক’ পদে নির্বাচিত হন তিনি। ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলের ফ্রন্টলাইনে থাকলেও সাইমন সবসময় শিল্পী হিসেবে তার কাজকে প্রাধান্য দিয়েছেন। এরমধ্যে শেষ করেছেন কয়েকটি সিনেমার শুটিং, মুক্তির অপেক্ষায় রয়েছে তার হাফ ডজনের মত সিনেমা।

সাইমন সাদিক বলেন, একজন শিল্পী হিসেবে আমি সবসময় শুটিংকে প্রাধান্য দিয়েছি কারণ কাজ না করলে দিনশেষে ইন্ডাস্ট্রিতে সবকিছুই মূল্যহীন। আর যেই চলচ্চিত্রের জন্যই আমি শিল্পী সেখানে সংগঠনের জন্য কিছু করতে পারাটাও প্রাপ্তি মনে করি। তবে, সংগঠন আমার কাছে অপশনাল। এখানে আছি শিল্পীদের স্বার্থে। ‘পোড়ামন’-খ্যাত এ নায়ক মনে প্রাণে বিশ্বাস করেন, কাজ ছাড়া চলচ্চিত্রে কোন শিল্পীর অস্তিত্ব নেই। তাই কাজের কোনো বিকল্প নেই।

তার ভাষ্য, ‘চলচ্চিত্রের প্রত্যেকটি মানুষ আমার আপন, আরেকটি পরিবার। এখনকার মানুষ আমাকে ভীষণ স্নেহ করেন। সুখেদুঃখে সবার আগে তাদের পাশে পাই। তাদের পাশে থাকার জন্য এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া। এটি আমার দায়বদ্ধতা।’

কিছুদিন আগে ‘মায়া’র শুটিং করলেন সাইমন সাদিক। ১৭ মার্চ থেকে শুরু করবেন আরেক নতুন ছবি ‘হাহাকার’। শুটিংয়ে আছে সাইমনের ‘আমার মা আমার বেহেশত, ‘জলরঙ’। মুক্তির প্রহর গুনছে ‘আনন্দ অশ্রু’, ‘নরসুন্দরী’, ‘লাইভ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘গ্যাংস্টার’, ‘বাহাদুরী’, ‘দ্বায়মুক্তি’।

সাইমনের এসব ছবিগুলো পরিচালনা করেন শাহীন সুমন, বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান মানিক, শামীম আহমেদ রনি, অপূর্ব রানা, শওকত হোসেন, শফিক হাসান। নায়িকা হিসেবে আছেন মাহিয়া মাহি, পরীমনি, বুবলীরা।

সাইমন বলেন, ‘করোনার কারণে এতদিন ছবিগুলো মুক্তি পায়নি। করোনার পর কিছু ভালো ছবির আওয়াজ থাকলেও ব্যবসায়িকভাবে আলোর মুখ দেখেনি। আমার প্রযোজকরাও এসবের মধ্যে ছবি মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু আমি মনে করি, চাইলেই মুক্তি দেয়া যায়; তবে প্রযোজকের লগ্নি উঠে আসা অনেক বড় ব্যাপার। তাই আরও সময় নিতে বলেছি।’

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত