ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৬:০২  
আপডেট :
 ২৫ জুলাই ২০২৬, ১৬:৪৫

নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা পাচ্ছেন আহমেদ শরীফ
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রে তাঁর অভিনয় এবং চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। ভিলেন, চরিত্রে অভিনয় কিংবা বহুমাত্রিক বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। তাঁর অভিনীত অসংখ্য চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা যুগিয়েছে।

নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু চলচ্চিত্র প্রদর্শনী নয়, বাংলা সিনেমার কিংবদন্তিদের আন্তর্জাতিক পরিসরে সম্মানিত করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এবারের আসরে আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে।

আগামী ২ আগস্ট নিউইয়র্কের জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিতব্য উৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ও প্রবাসের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত থাকবেন।

প্রিয়জন ফিল্মস এবং লেমন স্টুডিও যৌথভাবে এই বাংলা চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। সার্বিক সহযোগিতায় থাকছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই তিনটি বিভাগে নির্মিত বাংলা চলচ্চিত্র এখানে ৩০ জুলাই থেকে তিন দিন ধরে প্রদর্শিত হবে। পাশাপাশি বিভিন্ন বিভাগে সেরাদের পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসবের প্রথম আসরে বাংলাদেশি চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের গুণী শিল্পীদের সম্মানিত করার উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই সম্মাননা বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য ও গৌরবকে বিশ্বমঞ্চে আরও সুপ্রতিষ্ঠিত করবে।

মূল আয়োজনের আগে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’।

দ্বিতীয় দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘দ্য ইটারনাল জার্নি’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মিশুক মনির ‘দেয়ালের দেশ’।

তৃতীয় দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ ও প্রসূন রহমানের ‘শিকড়’। এরপর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকারা নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন।

নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসবের এটি প্রথম আসর হওয়ায় বিগত তিন বছরের, অর্থাৎ ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা-অভিনেত্রী, সেরা পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীদের মধ্যে মোট ২০টি বিভাগে সেরাদের পুরস্কৃত করা হবে।

এ ছাড়া বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মসকে এবং বাংলাদেশে সিনেমা হলের আধুনিকায়ন, দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করা, আধুনিক প্রদর্শনব্যবস্থা চালু এবং দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্টার সিনেপ্লেক্সকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত