স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যায় আটক ২
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৪:০৭

ঢাকার মৌচাক এলাকায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হোসেন তালুকদারকে হত্যার ঘটনায় দুইজনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ। তারা হলেন- রিয়াজ ও আল আমিন।
ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে তাদেরকে মঙ্গলবার আটক করা হয় বলে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, হত্যাকাণ্ডের পর পরই জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এর ধারাবাহিকতায় গভীর রাতে ঢাকা থেকে সন্দেহভাজন রিয়াজকে আটক করা হয়। পরে মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জ থেকে আল আমিনকে আটক করা হয়েছে।
আটকদের জিজ্ঞাসাবাদ করে হত্যকাণ্ডের কারণ ও জড়িত অন্যদের বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ কর্মকর্তা জাহিদুল বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলিতে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ৫৭ বছর বয়সী বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাড়ে ৯ টার দিকে মারা যান।
নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন, পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিল্লালকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ বলেছে, একটি বিবাদের সালিশের জন্য বিল্লাল আনারকলি মার্কেট এলাকায় গিয়েছিলেন। এক পর্যায়ে সালিশে মারামারি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আনারকলি মার্কেটের সামনের গলিতে ‘অজ্ঞাত ১০-১২ জন’ তার ওপর হামলা চালায়। বিল্লালকে বুকের ডান পাশে ছুরির দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
বাংলাদেশ জার্নাল/সিএম










