কার্যাদেশ না থাকায় দুই পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২, ১৯:৪৭

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার ছয় শতাধিক শ্রমিক। এতে সড়কের দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকার মেরিন ড্রাইভ সড়ক এবং নতুন চাক্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশের তিনটি টিম শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরে বিকেলে আগ্রাবাদের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে বিজিএমইএ এবং কারখানা মালিক পক্ষের আশ্বাসে বাসায় ফিরে যান শ্রমিকরা।
বিজিএমইএ সূত্রে জানা গেছে, কার্যাদেশ না থাকায় ওই কারখানা দুটি সরকারের আইন-কানুন মেনে বন্ধের প্রক্রিয়া শুরু করেছে। শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়াও চলছে।
পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা বলেন, দীপস অ্যাপারেলসের দুটি পোশাক কারখানা রয়েছে। গত পাঁচ মাস ধরে প্রতিষ্ঠান দুটির শ্রমিকদের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার শ্রমিকরা কারখানায় এসে দেখতে পান কারখানা দুটি বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ আমাদের কোন ধরনের কিছু না জানিয়ে এবং বেতন না দিয়ে কারখানা বন্ধ করায় আমরা এ আন্দোলন করছি।
চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ জানান, কার্যাদেশ না থাকায় প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেয়া হয়। এ কারণে প্রতিষ্ঠানের শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আমরা আন্দোলনকারী শ্রমিক এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি।
বাংলাদেশ জার্নাল/এমপি










