ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

  চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ১৭:১৫

চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। ফাইল ছবি

চট্টগ্রাম জেলার পুলিশের সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলাটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন।

পুলিশ কর্মকর্তা শাহ আলম কুমিল্লার মুরাদনগর থানার নহল গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি বর্তমানে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৬ নম্বর রোডের ক্রাউন ভ্যালির বাসিন্দা। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ হিসেবে পদায়িত ছিলেন। বর্তমানে অবসরে রয়েছেন। দুদকের মামলায় তার বিরুদ্ধে এক কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকা আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে। পরবর্তীতে ওই বছরের ২৩ মে দুদকে সম্পদ বিবরণী জমা দেন শাহ আলম। দাখিল করা সম্পদ বিবরণীতে পুলিশ কর্মকর্তা ৭১ লাখ ৫ হাজার ৬৫০ টাকার স্থাবর সম্পদ এবং এক কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৩৯৪ টাকার অস্থাবর সম্পদসহ ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৯৫৪ টাকার সম্পদ অর্জনের এবং ১৬ লাখ ৯৭ হাজার টাকা ঋণ থাকার তথ্য দেখিয়েছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ ও উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। তিনি বলেন, অবৈধভাবে অর্জিত বিপুল পরিমাণ অর্থ ভোগদখল করার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে দুদক মামলা দায়ের করে। এখন দুদক মামলাটি অধিকতর তদন্ত করবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত