চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২২:০৬ আপডেট : ০৫ জুলাই ২০২৬, ২২:১০

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে পৌর এলাকার ফুলকুঁড়ি স্কুলসংলগ্ন একটি তিনতলা ভবনে এ অভিযান চালানো হয় বলে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বাড়ির মালিক মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), তাদের দুই ছেলে মো. শুকুদ্দিন (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)।
অভিযান শেষে সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, আব্দুর রহমান সদর থানার তালিকাভুক্ত নয়জন মাদক কারবারির একজন। ওই তালিকায় তার অবস্থান ছিল পাঁচ নম্বরে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
“আব্দুর রহমান বড় চালানে হেরোইন সংগ্রহ করে নিজ বাড়িতে ছোট ছোট প্যাকেটে ভাগ করতেন। পরে তার দুই ছেলে সেগুলো বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্যাকেটজাত করার কাজে সহযোগিতা করতেন তার স্ত্রী।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে দুই কেজি ৬৯৫ গ্রাম হেরোইন, একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র, হিট দেওয়ার বাল্ব, হেরোইন প্যাকেটজাতে ব্যবহৃত ওয়েলপেপার রোল, মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন এবং অন্যান্য আলামত জব্দ করা হয়।
পুলিশ সুপার বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস, সরবরাহকারী, পরিবহনকারী এবং ক্রেতাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলবে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










