ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

কূপ থেকে শিশুকে বাঁচাতে নেমে ৪ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২৬, ১৬:৩২

কূপ থেকে শিশুকে বাঁচাতে নেমে ৪ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি জলই এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক।

নিহতরা হলেন, জলই গ্রামের চিননের ছেলে বাবুল হাদিমা (৪৮), তার শিশু ছেলে নেইমার ম্রং (১০), একই গ্রামের বাদলের ছেলে রতন নকরেক (২৪) এবং করিমের ছেলে গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকালে পরিত্যক্ত কূপটিতে একটি ছাগলের ছানা পড়ে যায়। সেটিকে উদ্ধার করতে প্রথমে শিশু নেইমার ম্রং কূপে নামে। পরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরও তিন জন কূপে প্রবেশ করেন। কিন্তু তাদেরও কোনো সাড়া না পাওয়ায় স্থানীয়রা মধুপুর ফায়ার সার্ভিসে খবর দেন।

মধুপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার লাভলু তরফদার বলেন, “কূপটির আনুমানিক ৯ থেকে ১০ ফুট গভীর। ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু সেই গর্তে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে পরিবারের সদস্যসহ আরো একে একে তিন জন কূপের মধ্যে নামলে তারাও মারা যায়।”

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চার জনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, “নিহতের মধ্যে বাবা-ছেলে রয়েছে। বাকি দুই জন তাদের আত্মীয় বলে জানতে পেরেছি।”

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত