ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সব জেলায় একযোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের নির্দেশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৯:০৫

সব জেলায় একযোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের নির্দেশ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সব জেলায় এ বছর একযোগে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

বৃহস্পতিবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের প্রস্তুতি গ্রহণ ও বিস্তারিত কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

আফরোজা খানম বলেন, “এবার আমরা সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করতে চাই। দেশের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে দেশীয় কৃষ্টি সংস্কৃতি সম্বলিত প্রদর্শনী হবে।”

জেলা পর্যায়ে একই সময়ে পর্যটন দিবস উদযাপনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বলেন তিনি।

বিশ্ব পর্যটন দিবসের আয়োজনকে কেন্দ্র করে দেশের পর্যটন শিল্পকে বৈশ্বিক পরিমণ্ডলে আরো পরিচিত করে তুলতে সরকার কাজ করছে তথ্য দিয়ে এ লক্ষ্য বাস্তবায়নে পর্যটন খাতের বেসরকারি অংশীজনদের সক্রিয় সহযোগিতাও কামনা করেন মন্ত্রী।

অন্যান্য দেশের মত আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশেও উদযাপিত হবে বিশ্ব পর্যটন দিবস। দিনটির প্রতিপাদ্য- ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “এবারের পর্যটন দিবসে দেশের জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক প্রস্তুত টিভিসি (টেলিভিশন বিজ্ঞাপন) থাকবে। তাছাড়া বিদেশি দূতাবাসের অতিথিদের সম্মানে লাইভ কুকিং শো ও রান্না প্রতিযোগিতার আয়োজন করা হবে; যাতে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় রন্ধনশিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা যায়।”

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত