ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন আতিফ আসলাম

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৯:৪৫

নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন আতিফ আসলাম
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন পর নিজের পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম । ঢাকায় এসে ভক্তদের জন্য এ বড় সুখবর দিলেন তিনি । আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ্‌ আয়না’।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন অ্যালবামের ঘোষণা দেন আতিফ। এ সময় বাংলাদেশের দর্শক, খাবার, সংগীতাঙ্গন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন তিনি।

আতিফ জানান, গত কয়েক বছর চলচ্চিত্রের গান, কনসার্ট ও অন্যান্য ব্যস্ততায় নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ হয়নি। তবে এই সময়ের মধ্যে নিয়মিত গান লেখা ও সুর তৈরির কাজ চালিয়ে গেছেন তিনি।

তিনি বলেন, “আমি মূলত চলচ্চিত্রের গানের জন্য গাইছিলাম। কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে।”

আতিফ জানান, ‘সুবাহ্‌ আয়না’ অ্যালবামে থাকছে আটটি গান। প্রায় আট বছর ধরে এই অ্যালবামের কাজ করেছেন তিনি। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সহযোগিতা রয়েছে।

ঢাকার আসন্ন কনসার্টে নতুন অ্যালবামের গান পরিবেশন করবেন কি না-এমন প্রশ্নের জবাবে আতিফ বলেন, অ্যালবাম প্রকাশের আগে নতুন গান গাইবেন না। অ্যালবাম প্রকাশের পরই এসব গান নিয়ে দর্শকদের সামনে ফিরবেন তিনি।

কনসার্ট প্রসঙ্গে আতিফ বলেন, তার প্রথম প্রত্যাশা বৃষ্টি যেন না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই মুহূর্ত আরও উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করেন তিনি। পাশাপাশি এবারের আয়োজন আগের তুলনায় ভিন্ন হবে বলেও জানান এই শিল্পী।

বাংলাদেশি খাবারের প্রশংসা করে আতিফ বলেন, খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার পছন্দের খাবারের মধ্যে অন্যতম। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসা করে আতিফ তাকে ‘লেজেন্ড’ আখ্যা দেন। একটি সংগীত প্রতিযোগিতায় তার সঙ্গে বিচারকের দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশের দর্শকদের ভালোবাসার কথাও উল্লেখ করেন আতিফ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের উচ্ছ্বাস আলাদা। বিশেষ করে তার জনপ্রিয় গান ‘আদাত’ যখন হাজারো দর্শক একসঙ্গে গেয়ে ওঠেন, সেই মুহূর্ত তার কাছে স্মরণীয় হয়ে থাকে।

বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করে আতিফ বলেন, ভাষার সঠিক উচ্চারণ না শিখে তিনি বাংলা গান গাইতে চান না। কারণ বাংলা ভাষার প্রতি যথাযথ সম্মান রাখতে চান তিনি।

এর আগে বাংলাদেশি সিনেমার জন্য ‘মিঠে আলো’ শিরোনামের একটি গান গেয়েছেন আতিফ। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

নিজের সৃষ্টিশীলতা নিয়ে আতিফ বলেন, মন খারাপের সময়ই তিনি বেশি গান লেখেন। তার মতে, সেই সময়েই সৃষ্টিশীলতা সবচেয়ে বেশি কাজ করে। নতুন অ্যালবাম ‘সুবাহ্‌ আয়না’ তার কাছে বিশেষ কারণ প্রতিটি গান হৃদয় ও আত্মা থেকে তৈরি।

বাংলাদেশের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতিফ বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী বাংলাদেশ তার অন্যতম বড় শ্রোতাগোষ্ঠীর দেশ। তাই এ দেশের মানুষের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। তাকে ঘিরে এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত