কেমন হবে মৌখিক পরীক্ষার পোশাক-পরিচ্ছদ
সৈকত তালুকদার
প্রকাশ : ০৭ মে ২০১৮, ১৭:২৬

লিখিত পরীক্ষায় প্রার্থীর লেখা যত কম তথ্য সমৃদ্ধই হোক না কেন, খাতাটা হাতে নিয়ে সুন্দর ও পরিচ্ছন্ন উপস্থাপনা দেখলে পরীক্ষকের যেমন ভালো লাগে, তেমনি মৌখিক পরীক্ষার সময় বুদ্ধিমত্তা নয়, প্রার্থীর বাহ্যিক আচরণ ও সাজই আগে বোর্ডের চোখে পড়ে। এজন্যই বলে ‘আগে দর্শনধারী পরে গুণবিচারী’। আপনাকে দেখে বোর্ডের First Impression-টা যাতে ভালো হয় সেদিকে নজর দেবেন। কারণ You only get one chance to make a first impression.
মৌখিক পরীক্ষায় জিনস, টি-সার্ট, ফতুয়া এবং অতিরিক্ত ঝাঁকজমকপূর্ণ পোশাক ও সাজ এড়িয়ে চলতে হবে। খুব বেশি উজ্জ্বল যেমন- লাল, কমলা, ম্যাজেন্টা রঙের পোশাক না পরাই উত্তম। পরিচ্ছন্ন, পরিপাটি ও ইস্ত্রি করা পোশাক আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বলেই আমি মনে করি।
ছেলেরা ফুলহাতা শার্ট পড়বেন। হালকা রঙয়ের শার্ট পড়ে যাওয়াটাই ভালো। সাদা, গাঢ় ধূসর, গাঢ় নীল, কালো বা বাদামী রঙ পছন্দ করতে পারেন। প্যান্টের ক্ষেত্রে ফরমাল প্যান্ট পড়বেন। এক্ষেত্রে কালো রঙই বেশি মানানসই। শার্ট ও প্যান্টের সাথে মানানসই টাই পড়তে পারেন।
কাপড়ের পর যে জিনিসটির প্রতি বেশি খেয়াল রাখা জরুরি তা হলো জুতা। জুতার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন এটা যাতে বেশি স্টাইলিশ না হয়। কালো রঙয়ের জুতা পছন্দ করতে পারেন। অবশ্যই রাবার সোলযুক্ত জুতা ব্যবহার করবেন। কারণ রাবার সোলের জুতা হলে হাঁটার সময় শব্দ হয় না। মোজার ক্ষেত্রে অবশ্যই কালো মোজা পছন্দ করবেন। কোমরের বেল্ট ও জুতা ম্যাচিং করে পড়বেন। জুতা কালো হলে কোমরের বেল্টও কালো পড়বেন।
মাথার চুল ছোট রাখবেন। দাঁড়ি সেভ করে যাবেন। ধর্মীয়ভাবে দাঁড়ি রাখলে সেটা ভিন্নকথা। ফরমাল ঘড়ি পড়তে পারেন। মোটকথা, আপনার পোশাকের সঙ্গে কোন রঙের অনুষঙ্গগুলো মানাচ্ছে সেটা দেখে নেবেন।
মেয়েরা শাড়ি বা থ্রিপিস পড়তে পারেন। তবে শাড়ি পড়াই ভালো। যেহেতু পরীক্ষা দিনের বেলা অনুষ্ঠিত হয় তাই হালকা রংয়ের পোশাক নির্বাচন করুন। হালকা গোলাপি বা হাল্কা নীল রং বেছে নিতে পারেন। শাড়ি পড়লে শাড়ির সঙ্গে ম্যাচ করে ফুল স্লিভের ব্লাউজ পরা উত্তম।
পোশাকের সঙ্গে মানানসই জুতা পছন্দ করবেন। বেশি উচু জুতা না পরাই ভালো। লম্বা মেয়েরা স্লিপার পড়তে পারেন। যারা তুলনামূলক কম লম্বা তারা ফ্ল্যাট হিল পড়বেন।
অতিরিক্ত মেক আপ না নেয়াই ভালো। হাতঘড়ি পড়তে পারেন। চুড়ি বা ভারী অলংকার একদম না। শাড়ির সাথে ম্যাচ করে হালকা কানের দুল পড়বেন। হালকা লিপস্টিক আর কাজল দেবেন। নখ বড় রাখবেন না। নথে নেইল পলিশ ব্যবহার না করাই ভালো। তারপরেও যদি করেন তাহলে স্কিন কালারের নেইল পলিশ ব্যবহার করতে পারেন।
লেখক: ৩৬ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত










