ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

প্রথমবার ওয়েব সিরিজে

এবার ‘মীরা’ হয়ে আসছেন সাদিয়া আয়মান

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪:২৬

এবার ‘মীরা’ হয়ে আসছেন সাদিয়া আয়মান
তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান

ক্যারিয়ারের সুসময় পার করছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘ফুলের নামে নাম’ নাটক দিয়ে দর্শকদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’ দিয়েও দারুণ দর্শক সাড়া পান।

নতুন বছরের শুরুতে অর্থাৎ ১০ জানুয়ারি বায়োস্কোপে মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ ‘কাবাডি’। ৭ পর্বের এ সিরিজটির গল্প লিখেছেন তামজিদ রহমান এবং পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ। এখানে সাদিয়াকে দেখা যাবে মীরা চরিত্রে, তার বিপরীতে রয়েছেন সাঈদ জামান শাওন।

সাদিয়া আয়মান জানান, এটি তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ। চার বন্ধুর পাগলামী ও একটি ভিডিও ফুটেজ এর রহস্য নিয়ে নির্মিত এ সিরিজটি সম্পূর্ণ কমেডি ও থ্রিলার ঘরানার।

‘মায়াশালিক’ খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘ওয়েব সিনেমা করলেও সিরিজে এটাই আমার প্রথম কাজ। যখন গল্পটা এবং আমার চরিত্র সম্পর্কে শুনি তখনই কাজটি করতে রাজি হই। এখন পর্যন্ত আমি যে কাজগুলো করেছি সবগুলোতেই প্রায় আমি শহুরে টাইপের সুন্দরী মেয়ের চরিত্র করেছি কিন্তু এখানে পুরো উল্টো। বাস্তবে আমি যা, এই মীরা চরিত্রটা একদমই আমার বিপরীত। যে কারণে কাজটি করতে চেয়েছি আমি।’

তিনি আরও বলেন, ‘গল্পের মীরা চরিত্রটি একদমই লাউড ক্যারেক্টার। বলতে গেলে চরিত্রটিতে আমি একজন বাটপার কিন্তু এখানে আবার দুইটা লেয়ার আছে যেটা গল্পের শেষ দিকে গিয়ে দর্শকরা বুঝতে পারবে। যেহেতু আমি এর আগে আমি কখনও লাউড ক্যারেক্টার করিনি এরজন্য বেশ রিহার্সেল করতে হয়েছে আমাকে। বেশ দারুণ একটা প্রজেক্ট হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে এবং অন্য এক সাদিয়াকে দেখতে পাবে এখানে।’

সিরিজটিতে সাদিয়া আয়মান-সাঈদ জামান শাওন ছাড়া আরও অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, খায়রুল বাসার, তামিম মৃধা, শরাফ হোসেন জীবন, মিলন ভট্টাচার্য, ডানা ভাই, সাফিন আহমেদ ও মোরশেদ মিশু প্রমুখ।

এদিকে আসছে ভালোবাসা দিবসকে ঘিরে তিনটি নাটকের শুটিং শেষ করেছেন সাদিয়া আয়মান। ‘কষ্টের নাম মায়া’, ‘দই ফুচকা’ ও ‘অন্ধ করে দিয়েছিলো আমায় এক চাঁদ’ নাটকগুলোতে তার বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুব ও খায়রুল বাসারকে। এছাড়াও চলতি মাসে মুক্তি পেতে পারে তার নতুন ওয়েব ‘ইন্টার্নশীপ’।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত