জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি: ভাবনা
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৮:১১

নির্মাতা আসিফ ইসলামের নতুন চলচ্চিত্র ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’-এর অফিশিয়াল ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকে চলছে আলোচনা। সম্প্রতি প্রকাশিত এই ট্রেলারে মূল চরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে।
একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী থেকে যাত্রাদলের একজন সাহসী নারীর চরিত্রে রূপান্তর- এই যাত্রাটা মোটেও সহজ ছিল না অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্য।
সম্প্রতি চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে চরিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন ভাবনা।
তিনি লেখেন,‘লুক টেস্ট থেকে ফাইনাল লুক ‘প্রিন্সেস রোজী’। প্রিন্সেস রোজী চরিত্রটি আমার কাছে যখন আসিফ (আমার নির্মাতা) নিয়ে আসে, আমি প্রথমেই ভাবি এটা আমি কী করে করব? আমি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ছোটবেলা থেকে আমরা যেভাবে নিজের বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করি, আমাদের কাছে এ রকম নাচ পাপের সমতুল্য।’
শাস্ত্রীয় নৃত্যের ব্যাকগ্রাউন্ড থাকায় এই চরিত্রের নাচ ও অঙ্গভঙ্গি ধারণ করা ভাবনার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে ছিল সামাজিক দৃষ্টিভঙ্গির ভয়। নিজের সেই দ্বিধার কথা জানিয়ে তিনি লেখেন, ‘তারপর ভাবলাম লোকে কী বলবে? কারণ আমাদের এখানে অভিনেতা যখন একটা চরিত্র হয়, তখন দর্শক তাকে সত্যিই সেই মানুষটি ভেবে ফেলে; তার ওপর আবার আমি নারী অভিনেতা। তারপর আমি নিজেকে জিজ্ঞেস করলাম, আমি কী চাই? উত্তর পেলাম আমি চরিত্রটি করতে চাই। তারপর সেই চরিত্র খোঁজার যুদ্ধে আমি আর আসিফ নামলাম।’
নির্মাতা ও অভিনেত্রীর মধ্যকার দীর্ঘ প্রস্তুতির কথা উল্লেখ করে ভাবনা বলেন, ‘দিনের পর দিন আমি আর আসিফ কেবল কথাই বলেছি গল্প আর চরিত্র নিয়ে। আরও অনেক গল্প আছে, লিখতে গেলে লেখা বড় হয়ে যাবে। মস্কোতে যখন বড় পর্দায় নিজেকে দেখলাম, আমি নিজে আমাকে চিনতে পারি নাই! কিছু কিছু সময় লজ্জায় মাথা নিচু করে ফেলছিলাম আমি এটা?’
পোস্টের শেষে অভিনয়ের প্রতি নিজের সততা ও আজীবন পর্দায় বেঁচে থাকার আকুতি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমি অভিনেতা হয়েই জীবনটা কাটিয়ে দিতে চাই। জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি। আমি কোনো দৌড়ে থাকতে চাই না। আমি একা, আরও একা হতে চাই; যাতে আমার সাথে কেবল আমার চরিত্ররাই বাস করে।’
প্রসঙ্গত, যাত্রাপালার আবহে নির্মিত এই চলচ্চিত্রটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে। সিনেমার মূল চরিত্র ‘প্রিন্সেস রোজি’ হিসেবে হাজির হয়ে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। মর্যাদাপূর্ণ এই উৎসবের ‘আর্টকোর’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল চলচ্চিত্রটি।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










