ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

টেইলর সুইফটের বিয়ের তারিখ জানালেন মেয়র মামদানি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৯:২৫

টেইলর সুইফটের বিয়ের তারিখ জানালেন মেয়র মামদানি
জোহরান মামদানি ও টেইলর সুইফট - ছবি: সংগৃহীত

বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট ও এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। তাদের সম্ভাব্য বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

মঙ্গলবার (১৬ জুন) জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন মামদানি। সেখানে নিউইয়র্কে গ্রীষ্মকালীন ব্যস্ত আয়োজনগুলোর কথা বলতে গিয়ে হঠাৎই টেইলর সুইফটের বিয়ের বিষয়টি উল্লেখ করেন তিনি।

জোহরান মামদানি বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্‌যাপন। এবার একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’

মেয়রের এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেননা এখনো পর্যন্ত টেইলর সুইফট কিংবা ট্রাভিস কেলসি তাদের বিয়ের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। ফলে মেয়র হয়তো অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য প্রকাশ করে ফেলেছেন বলে ধারণা করছেন অনেকেই।

তবে পরে সাংবাদিকেরা সরাসরি জানতে চান, তিনি কি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত? জবাবে হাসতে হাসতেই মেয়র বলেন, ‘না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে আমি তাদের জন্য সুন্দর এক বিয়ে অনুষ্ঠানের শুভকামনা জানাই।’

এরপর মজার ছলে টেইলরের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর উল্লেখ করে মামদানি বলেন, ‘আমি বাড়িতে বসেই গানটা শুনবো।’

এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে টেইলর ও ট্রাভিসের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। গুঞ্জন রয়েছে, অনুষ্ঠানটির সম্ভাব্য ভেন্যু হতে পারে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

বিয়ের অতিথি তালিকায় হলিউড ও সংগীতাঙ্গনের বেশ কয়েকজন পরিচিত তারকার নামও শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ এবং সেলেনা গোমেজ।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটিতে পরিণত হন। ২০২৫ সালের আগস্টে কেলসি বিয়ের প্রস্তাব দিলে তাদের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত