ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

নিউ জিল্যান্ড-ইরান সমানে সমান, রোমাঞ্চকর ড্র

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:৫৬

নিউ জিল্যান্ড-ইরান সমানে সমান, রোমাঞ্চকর ড্র
ছবি: সংগৃহীত

গতিময় ও প্রাণবন্ত ফুটবল, আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা এক ম্যাচ উপহার দিল ইরান ও নিউজিল্যান্ড। বিশ্বকাপের ‘জি’ গ্রুপের এই লড়াইয়ে দুই দলই দুইবার করে এগিয়ে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত কেউই জয় নিশ্চিত করতে পারেনি।

রোমাঞ্চকর এই ম্যাচ ২-২ গোলে ড্র হয়। নিউজিল্যান্ডের হয়ে দুটি গোলই করেন ইলাইজা জাস্ট। ইরানের পক্ষে একটি গোল করেন রামিন রেজাইয়ান, আরেকটি হেডে করেন মোহাম্মাদ মোহেবি।

প্রতিযোগিতামূলক আসরে এটি ছিল দুই দলের প্রথম মুখোমুখি লড়াই; এর আগে শেষ দেখা হয়েছিল ২০০৩ সালে।

লস অ্যাঞ্জেলসে ম্যাচের শুরুতে ইরান আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম সুযোগেই গোল পেয়ে যায় নিউজিল্যান্ড।

সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে লম্বা বল পেয়ে ক্রিস উডের পাস থেকে ডান প্রান্তে বল পান ইলাইজা জাস্ট। জায়গা তৈরি করে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন এই ২৬ বছর বয়সী উইঙ্গার।

গোল হজম করে আরও চাপে ফেলে ইরান। হাই প্রেসিং ফুটবল খেলতে থাকে তারা। তবে নিউজিল্যান্ডের রক্ষণ ও গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব বারবার বাধা হয়ে দাঁড়ান।

২৩তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ হারায় ইরান। মেহদি তারেমির শক্তিশালী শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপর একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ২৮তম মিনিটে নিউ জিল্যান্ডের একটি শট ইরানি গোলরক্ষক ঠেকিয়ে দেন।

এরপর ৩৫তম মিনিটে সমতা ফেরায় ইরান। সতীর্থের ভুলে তৈরি সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে পাঠান রামিন রেজাইয়ান।

প্রথমার্ধে শেষ মুহূর্তে দুই দলই গোলের সুযোগ পেলেও আর কোনো পরিবর্তন আসেনি স্কোরলাইনে।

দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ধীর হলেও ৫৫তম মিনিটে আবার এগিয়ে যায় নিউজিল্যান্ড। ক্রিস উডের সঙ্গে ওয়ান-টু খেলে দারুণ ফিনিশিংয়ে জাস্ট নিজের দ্বিতীয় গোল করেন।

পিছিয়ে পড়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইরান। ৬৩তম মিনিটে রেজাইয়ানের দারুণ ক্রস থেকে নিখুঁত হেডে সমতা ফেরান মোহাম্মাদ মোহেবি।

শেষ ২০ মিনিটে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা ইরানের দিকেই ছিল। একাধিক সুযোগ তৈরি করলেও নিউজিল্যান্ডের রক্ষণ ও গোলরক্ষক ক্রোকোম্ব তাদের রুখে দেন।

শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ম্যাচ শেষ হয়, আর দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেয়।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত