ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

দিল্লিতে উপদেষ্টা জাহেদের সঙ্গে ঘটনার বিষয়ে সংসদে বিবৃতি দাবি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২০:১২

দিল্লিতে উপদেষ্টা জাহেদের সঙ্গে ঘটনার বিষয়ে সংসদে বিবৃতি দাবি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দর ইমিগ্রেশনে ‘আটকে দেওয়ার’ ঘটনায় জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান।

সোমবার (১৫ জুন) সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, গতকাল আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। যতটুকু জেনেছি, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও তাকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে দুই ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। পরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও জাহেদ উর রহমান শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসেন।

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।

তার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। নোটিস দিলে বিবেচনা করা হবে।

রোববার দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হয়ে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

এ ঘটনায় এরইমধ্যে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ানকুমার বঢ়েকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পুরো ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত