পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে ‘আলাল দুলাল’
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৯:০৬

পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে ওটিটি প্ল্যাটফর্ম Bongo নিয়ে এসেছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’। ইমরান ইমন পরিচালিত এ নাটকের মাধ্যমে দর্শকদের সামনে পর্দায় হাজির হয়েছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল ও আ খ ম হাসান। গত ২ জুলাই থেকে নাটকটি Bongo-তে স্ট্রিমিং হচ্ছে।
আপন দুই ভাই আলাল ও দুলালের পৈতৃক সম্পত্তির অভিনব ভাগ-বাঁটোয়ারা নিয়ে এবারের গল্প। বড় ভাই আলালের নানা কূটচাল ও চালাকিতে বোকা দুলাল সবসময়ই ঠকতে থাকে। কিন্তু সহজ-সরল দুলাল কি এভাবেই আজীবন ঠকবে, নাকি নিজের অধিকার বুঝে নিতে সেও ঘুরে দাঁড়াবে? দুই ভাইয়ের চরম হাস্যরসাত্মক এই দ্বন্দ্বের উত্তর মিলবে ‘আলাল দুলাল’-এর পর্দায়।
পরিচালক ইমরান ইমন বলেন, ‘আলাল ও দুলাল চরিত্র দুটি আমাদের সমাজের খুব চেনা দুটি রূপ। এই গল্পে আমরা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব ও বোকামির মাঝে লুকিয়ে থাকা অসঙ্গতিগুলো হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। রিলিজের পর থেকে দর্শকরা যেভাবে নাটকটি উপভোগ করছেন এবং সাড়া দিচ্ছেন, তা সত্যিই আনন্দের।’
মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে আবর্তিত এই গল্পে পাভেল এবং আ খ ম হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ একঝাঁক অভিনয়শিল্পী।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










