ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নিউইয়র্কে দুই বাংলার তারকাদের মিলনমেলা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ২০:২৮

নিউইয়র্কে দুই বাংলার তারকাদের মিলনমেলা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে বাংলা ভাষাভাষীদের অন্যতম বৃহৎ আয়োজন নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স (এনএবিসি)-এর ৪৬তম আসর।

তিন দিনব্যাপী এই বঙ্গ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের তারকা শিল্পী, নির্মাতা, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে জমে উঠেছে বাংলার মিলনমেলা।

এবারের আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, লেখক সাদাত হোসেন, নির্মাতা রেদওয়ান রনিসহ অনেকে।

অন্যদিকে কলকাতা থেকে উপস্থিত রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা, যীশু সেন, সৌরভ, দর্শনা বণিক, পায়েল মুখার্জিসহ আরও অনেক শিল্পী-নির্মাতারা।

প্রতি বছরের মতো এবারও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো বাংলা ভাষাভাষী মানুষ এই সম্মেলনে অংশ নিয়েছেন। সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র ও নানা আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে সম্মেলন প্রাঙ্গণ।

প্রবাসী বাঙালিদের কাছে এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে পুনর্মিলনের অন্যতম বড় উপলক্ষ।

এবারের সম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে রাখা হয়েছে বাংলা চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ থেকে প্রদর্শিত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’, ‘সাবা’ এবং ‘দম’। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে প্রদর্শিত হচ্ছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘ডিপ ফ্রিজ’ এবং ‘দেবী চৌধুরানী’।

চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননাও প্রদান করা হচ্ছে। সেইসঙ্গে রয়েছে সাহিত্যিক ও সাংস্কৃতিপ্রেমীদের মিলনমেলা।

সম্মেলনে অংশ নেওয়া চিত্রনায়ক ইমন বলেন, ‘এটা একটা বিশাল আয়োজন। প্রতিবার নর্থ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রচুর মানুষ রেজিস্ট্রেশন করে এখানে আসছেন, এবারেও এসেছেন। আমাদের শিল্পীদের সম্মাননা জানানো হয়। এবারেও তাই করা হয়েছে। এটা খুবই আনন্দের একটি আয়োজন। আমার ভীষণ ভালো লেগেছে।’

এটি বাংলা ভাষাভাষীদের সবচেয়ে বড় মিলনমেলাগুলোর একটি। চারদিকে উৎসবমুখর পরিবেশ, সবাই একসঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করছেন।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত