ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম থেকে ফ্লাইট সূচি বিঘ্ন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ২০:২৬

বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম থেকে ফ্লাইট সূচি বিঘ্ন
ছবি: সংগৃহীত

ঈদ সামনে রেখে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাত্রী চাপের মধ্যেই খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বিঘ্ন ঘটেছে।

মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে এই বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট বাতিল ও আন্তর্জাতিক রুটের তিনটি ফ্লাইট দেরিতে ছেড়ে গেছে।

এছাড়া সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রাম আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানতে নামতে না পেরে ৯টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করে। পরে সাড়ে চার ঘণ্টা পর ফ্লাইটটি চট্টগ্রাম আসে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বলেন, “বিমানের মদিনা থেকে চট্টগ্রাম আসা বিজি-১৩৮ ফ্লাইটটি বৈরী আবহওয়ার কারণে সকালে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় চলে যায়। পরে দুপুর ২টার দিকে এটি চট্টগ্রাম আসে।”

এদিকে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৪২ সকালে শাহ আমানতে নামে। তবে ঢাকা যাওয়ার সময় সাড়ে চার ঘণ্টা দেরিতে বিকাল ৩টা ০৯ মিনিটে ছেড়ে যায় ফ্লাইটটি।

চট্টগ্রাম থেকে দুবাইগামী ‘ফ্লাই দুবাই’ এয়ারলাইন্সের এফবি-৫৬৪ ফ্লাইটটিও তিন ঘণ্টা দেরিতে দুপুর সোয়া ১২টার দিকে শাহ আমানত ছেড়ে গেছে।

অন্যদিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-১০৫ ফ্লাইটটির যাত্রা বাতিল করা হয়েছে বলে তথ্য দেন শাহ আমানতের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম।

চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৮ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ অবস্থা ঈদের দিন পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত