বাসসহ সব গণপরিবহনে জিপিএস ডিভাইস ব্যবহার বাধ্যতামূলক
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ২২:৪২

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস) চালু রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।
আগামী ১ অগাস্ট থেকে এটি চালু করতে সোমবার গণবিজ্ঞপ্তি দিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিপিএস ডিভাইসের কারিগরি বিবরণ (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
জিপিএস হল- একটি স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন প্রযুক্তি; যা মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ভূপৃষ্ঠের যেকোন বস্তুর বা ব্যক্তির নিখুঁত ভৌগোলিক অবস্থান, গতি, দিক এবং সময় নির্ধারণ করতে কাজ করে।
জিপিএসের প্রধান কাজগুলো হল- যেকোন স্থানে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর অবস্থান নিখুঁতভাবে বের করা, অপরিচিত রাস্তায় গন্তব্যে পৌঁছানোর সঠিক দিক নির্দেশ করা, ট্রাফিক আপডেট দেওয়া, কোনো ব্যক্তি বা যানবাহন কী গতিতে চলছে এবং গন্তব্যে পৌঁছাতে কত সময় লাগবে তা হিসাব করা, গাড়ি, বাস, ট্রাক বা নৌযানের রিয়েল-টাইম অবস্থান নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা।
সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পর যানবাহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলেছে বিআরটিএ।
এ নির্দেশনা বাস্তবায়নে গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










