ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ২২:২২

বুধবার বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২টি চা বাগান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে বুধবার (১৭ জুন) জেলার ৯২টি চা বাগান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অনেক চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নির্ধারিত সময়ের আগেই পরিশোধ করেছে।

চা বাগান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজার সফর করবেন। এ সময় সদর ও শ্রীমঙ্গল এলাকায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে চা শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে একদিনের জন্য বাগানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে শ্রমিকদের কর্মঘণ্টার সমন্বয়ের জন্য বুধবারের পরিবর্তে আগামী রোববার কাজ করতে হবে। এছাড়া সাপ্তাহিক মজুরি প্রদানের দিন পরিবর্তন করে অনেক বাগানে বৃহস্পতিবারের পরিবর্তে মঙ্গলবারই শ্রমিকদের তলব (মজুরি) পরিশোধ করা হয়েছে।

চাতলাপুর চা বাগানের ব্যবস্থাপক শুভঙ্কর চন্দ্র নাথ জানান, তাদের তিনটি চা বাগান বুধবার বন্ধ থাকবে। শ্রমিকরা ওই দিনের পরিবর্তে রোববার কাজ করবেন এবং ইতোমধ্যে তাদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়েছে।

অন্যদিকে, ন্যাশনাল টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাদের পাঁচটি চা বাগানসহ শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সব চা বাগান বুধবার বন্ধ রাখা হবে। তিনি জানান, শ্রমিকদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার চা বাগান এলাকাগুলোতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে এবং শ্রমিকদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত