দিনাজপুরে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৩:২১

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার তিন বছরের ছেলের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভোগনগর ইউনিয়নের পাঁচপীর এলাকার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ২৩ বছর বয়সী ফহিমা ও তার ছেলে আবদুল্লাহ।
এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের চালক নিহত ফাহিমার স্বামী গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি সাইফুল বলছেন, “একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী ফহিমা ও তার ছেলে আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান।
“দুরর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ জার্নাল/এনএম










