পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৭:৩৭

টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের কারণে রাঙ্গামাটির ওয়াগ্গা ইউনিয়ন এলাকাধীন কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় বিশাল একটি পাহাড় ধসে পড়েছে। পাহাড়ের মাটি ও গাছপালা প্রধান সড়কের ওপর ধসে পড়ায় ওই সড়কে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে এই পাহাড় ধসের ঘটনা ঘটে।স্থানীয় এলাকাবাসী জানায়, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার সকালে হঠাৎ করেই পাহাড়ের মাটি ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর এসে পড়ে। এতে সড়কের দুই পাশে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
পাহাড় ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা রাস্তা থেকে ভারী মাটি ও গাছপালা সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় কাদা-মাটি সরানোর উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে যত দ্রুত সম্ভব মাটি ধসে পড়া অংশ পরিষ্কার করে সড়কটি পুনরায় সচল করার চেষ্টা চলছে।
স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বালুচর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল প্রায় ৯টা থেকে কাপ্তাইয়ের সাথে চট্টগ্রামসহ অন্যান্য এলাকার যোগাযোগ ও যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য ফায়ার সার্ভিসসহ অপরাপর স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরলস কাজ করে যাচ্ছে।'
বাংলাদেশ জার্নাল/জে










