ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫৮ মিনিট আগে
শিরোনাম

দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১৯:০৯

দেশে বর্তমানে ৪৬ লাখ ৩৯ হাজার মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

দেশের আদালতগুলোতে ৪৬ লাখ ৩৯ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন রয়েছে বলে জাতীয় সংসদকে তথ্য দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (৬ জুলাই) জাতীয় সংসদে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রছুলের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে বিচারাধীন মামলাগুলোর মধ্যে ১৮ লাখ ১৩ হাজার ২৬৩টি দেওয়ানি এবং ২৮ লাখ ২৬ হাজার ২১৩টি ফৌজদারি মামলা।

# সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩৮ হাজার ৭১৩টি মামলা বিচারাধীন; এর মধ্যে দেওয়ানি মামলা ২১ হাজার ৬৫২টি এবং ফৌজদারি মামলা ১৭ হাজার ৬১টি।

# হাই কোর্ট বিভাগে বিচারাধীন মামলা ৫ লাখ ২২ হাজার ৩৩১টি; এর মধ্যে দেওয়ানি মামলা ১ লাখ ১ হাজার ১৬৮টি এবং ফৌজদারি মামলা ৪ লাখ ২১ হাজার ১৬৩টি।

# ২০২৫ সালে আপিল বিভাগে ৭ হাজার ৫৫৩টি এবং হাই কোর্ট বিভাগে ৫৫ হাজার ৭৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

# অধস্তন আদালতে বিচারাধীন মামলা ৪০ লাখ ৭৮ হাজার ৪৩২টি। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি এবং ফৌজদারি মামলা ২৩ লাখ ৮৭ হাজার ৯৮৯টি।

# গত এক বছরে অধস্তন আদালতে ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা নিষ্পত্তি হয়েছে; এর মধ্যে দেওয়ানি মামলা ৪৯ হাজার ৭৩টি এবং ফৌজদারি মামলা ২ লাখ ২৬ হাজার ১১টি।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অধস্তন আদালতে বিচারাধীন ১৬ লাখ ৯০ হাজার ৪৪৩টি দেওয়ানি মামলার মধ্যে পাঁচ বছরের বেশি পুরনো মামলার সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৪১৪টি।

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের আরেক প্রশ্নের জবাবে এমন পরিস্থিতিতে সরকারের উদ্যোগ নিয়েও কথা বলেন মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, ২০টি জেলায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু আছে। ওই জেলাগুলোতে আদালতে নিয়মিত মামলা দায়েরের হার ৬২ দশমিক ০৮৩ শতাংশ কমেছে। এই উদ্যোগ সফল হওয়ায় বাধ্যতামূলক মধ্যস্থতার আইনি বাধ্যবাধকতা পর্যায়ক্রমে ঢাকাসহ সব জেলায় কার্যকর করা হবে।

অর্থ ঋণ মামলা প্রসঙ্গে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ ওয়ারেছ আলী মামুনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতগুলোতে ৩ হাজার ৬২৫টি অর্থ ঋণ মামলা বিচারাধীন রয়েছে।

প্রধান বিচারপতিসহ বর্তমানে আপিল বিভাগে ৫ জন এবং হাই কোর্ট বিভাগে ১০১ জন বিচারপতি কর্মরত আছেন। এছাড়া অধস্তন আদালতে বিচারকের ২ হাজার ৬২০টি পদের বিপরীতে কর্মরত আছেন ১ হাজার ৯৬৪ জন।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নানের প্রশ্নের জবাবে এ তথ্য দেন আইনমন্ত্রী।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী জেলার ২৫ উপজেলার ২১৫ ইউনিয়নের মধ্যে ১৫৩টিকে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে সরকার বিকল্প উৎসের পানি ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে পানি সংকটাপন্ন এলাকা চিহ্নিতকরণ চলমান রাখা, অ্যাকুইফার ম্যাপিং এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভূগর্ভস্থ পানির পরিমাণ, গুণগত মান ও নিরাপদ উত্তোলনসীমা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/সিএম

  • সর্বশেষ
  • পঠিত