ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

এনসিপির সমাবেশে বিস্ফোরণে মামলা, তদন্তে তিন সদস্যের কমিটি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১২:৩৬

এনসিপির সমাবেশে বিস্ফোরণে মামলা, তদন্তে তিন সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত

সাভারে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে বিস্ফোরক আইনে সাভার মডেল থানায় এ মামলা করেন বলে জানিয়েছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ।

মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

সোমবার রাত পৌনে ১০টায় সাভারের তারাপুর ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

এ সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় তিনি নেতাকর্মীদের নিয়ে সাভার মডেল থানায় উপস্থিত হন।

মামলার অভিযোগে বলা হয়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটর দিয়ে সমাবেশ চালানো হয়।

সমাবেশ শুরুর পর রাত ৯টা ৪২ মিনিটে মঞ্চের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের কমিটি

এদিকে এই ঘটনা তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

তিনি বলেন, ‘‘এনসিপির সমাবেশে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

রাতে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “সমাবেশ চলার সময় কেন বিদ্যুৎ গেল কারা বিস্ফোরণ ঘটিয়েছে এসব বিষয় নিয়েই তদন্ত করা হবে। ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’’

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত