ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সৌম্য-শান্ত-তানজিদের ব্যর্থতায় চাপে বাংলাদেশ

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৮:০৯

সৌম্য-শান্ত-তানজিদের ব্যর্থতায় চাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দেওয়ার পর সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। উদ্বোধনী তিন ব্যাটারকে দ্রুত হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।

জিম্বাবুয়ের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ধাক্কা আসে দ্বিতীয় ওভারে। ব্লেসিং মুজারাবানির শর্ট বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় নিউম্যান নিয়ামুরির দুর্দান্ত ক্যাচে ফেরেন তানজিদ হাসান। বাঁহাতি ওপেনার ৬ বলে একটি চারে ৮ রান করেন। দুই ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ১১ রান।

এরপর দ্রুত বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। অফ স্টাম্পের বাইরে শর্ট বলে ফাঁদ পাতেন মুজারাবানি। সেই ফাঁদে পা দিয়ে থার্ডম্যানে বেন কারানের হাতে ক্যাচ দেন শান্ত। তিনি ৭ বলে ৩ রান করেন। চার ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় ২ উইকেটে ১৭।

দুই বাঁহাতি ব্যাটারের বিদায়ের পরও সতর্ক হতে পারেননি সৌম্য সরকার। রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরে শর্ট বল ছেড়ে দেওয়ার সুযোগ থাকলেও উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে ডিপ থার্ডে নিউম্যান নিয়ামুরির হাতে ধরা পড়েন তিনি। ১০ বলে ৬ রান করে ফিরেন সৌম্য। পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯ রান। তখন ক্রিজে ছিলেন তাওহিদ হৃদয় ও নুরুল হাসান সোহান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ দশমিক ৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের পক্ষে নিউম্যান নিয়ামুরি সর্বোচ্চ ৩৩ রান করেন।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। তিনি ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট শিকার করে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েন। এর আগে ২৬ রানে ৬ উইকেট নিয়ে যৌথভাবে রেকর্ডের মালিক ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেন। এছাড়া বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া অন্য দুই বোলার হলেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত