প্রতিমন্ত্রী মিল্লাত
মানুষের কর্মশক্তিকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৯:৩২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে চায় সরকার। দেশের প্রতিটি মানুষের কর্মশক্তিকে উৎপাদনশীল কাজে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।
শনিবার (২৫ জুলাই) জামালপুরের দেওয়ানগঞ্জ শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এই দেশ এমন একটি পর্যায়ে পৌঁছাবে, যেখানে সারাবিশ্বের মানুষ বাংলাদেশকে দেখে বিস্মিত হবে। আমাদের সম্ভাবনা, পরিশ্রম ও সম্মিলিত উদ্যোগই হবে সেই অগ্রযাত্রার মূল শক্তি।
প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানুষের জীবনমানের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোও সরকারের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ অংশ।
এম রশিদুজ্জামান মিল্লাত দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে নিম্নআয়ের পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবারের প্যাকেট ও ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জার্নাল/সিএম









