ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

রবীন্দ্র সরোবরে শুরু হলো বর্ষা মঙ্গল উৎসব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২০:০১

রবীন্দ্র সরোবরে শুরু হলো বর্ষা মঙ্গল উৎসব
ছবি: সংগৃহীত

বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ ধারাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা ও গর্ববোধ জাগিয়ে তোলার প্রত্যয়ে বর্ষা মঙ্গল পর্ষদ আয়োজন করেছে ‘বর্ষা মঙ্গল উৎসব ১৪৩৩’।

আজ শনিবার বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটির উদ্বোধন হয়েছে।

বর্ষা মঙ্গল পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, বর্ষা মঙ্গল উৎসবের অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের বর্ষাকালীন সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ জীবনধারাকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। একই সঙ্গে এই উৎসবকে ভবিষ্যতে পহেলা বৈশাখের মতো একটি সর্বজনীন, জনপ্রিয় ও জাতীয় সাংস্কৃতিক উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

আয়োজকরা আরও জানান, বর্তমান সময়ে সাংস্কৃতিক চর্চা থেকে নতুন প্রজন্মের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা এবং দেশীয় সংস্কৃতির ওপর বিভিন্ন ধরনের আগ্রাসনের প্রেক্ষাপটে এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। আয়োজকদের বিশ্বাস, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ভাবনা থেকেই বর্ষা মঙ্গল উৎসবের আয়োজন।

তারা জানান, উৎসবে বাংলাদেশের বর্ষার ঐতিহ্য ও সংস্কৃতিকে নান্দনিকভাবে তুলে ধরা হবে। অনুষ্ঠানে বর্ষার গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনাসহ নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে। শিল্পী, কবি, আবৃত্তিশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী মানুষের অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হবে বলে আয়োজকদের প্রত্যাশা।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সংস্কৃতিপ্রেমী মানুষ, শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করছেন।।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত