ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বরিশালে টিফিনের রুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল প্রাথমিকের শিক্ষার্থী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১৭:৩৮

বরিশালে টিফিনের রুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল প্রাথমিকের শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে রুটি খাওয়ার আগেই শিক্ষার্থীর নজরে ব্লেডটি পড়ায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়তে গেলে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। সে তাৎক্ষণিকভাবে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে অবগত করে। পরে উপস্থিত অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও রুটির মধ্যে থাকা ব্লেডটি দেখতে পান।

বৃহস্পতিবার সকালে আলমতাজ নামের ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ব্লেডটি আগেই চোখে পড়ায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, বিষয়টি জানার পরপরই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এদিকে কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের খাবার নিয়ে এমন গাফিলতিতে ক্ষুব্ধ অভিভাবকরা। তারা সরকারি টিফিনের মান ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’ এর প্রতিনিধি আরিফ হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, বৃহস্পতিবার সকালে আমি নিজে স্কুলটি পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত