ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

হুমায়ূন আহমেদের গল্পে ফরহাদ হোসেনের নির্মানে ডালাসে দুইদিন ব্যপী নাটকের মঞ্চায়ন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৬:০৩  
আপডেট :
 ১৬ জুন ২০২৬, ১৬:১৯

হুমায়ূন আহমেদের গল্পে ফরহাদ হোসেনের নির্মানে ডালাসে দুইদিন ব্যপী নাটকের মঞ্চায়ন
ছবি : সংগৃহীত

হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে এবার নতুন মঞ্চ নাটক নির্মাণ করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা ফরহাদ হোসেন। যুক্তরাষ্ট্রের ডালাসে দুই দিনব্যাপী এই নাটক মঞ্চায়িত হবে।

‘জ্বীন কফিল’ মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে রহস্য, ভয়, মানসিক টানাপোড়েন ও ফ্ল্যাশব্যাকের জটিল নির্মাণ এক ভিন্নধর্মী আবহ তৈরি করেছে। মিসির আলি সিরিজের এই গল্পে দেখা যায়, গ্রামের এক নারী নিজের জীবনের অদ্ভুত ঘটনাকে ‘জ্বীনের আছর’ বলে বিশ্বাস করলেও রহস্যের অনুসন্ধানে এগিয়ে আসেন মিসির আলি।

এমনই গল্পে নাট্যরূপ ও নির্মাণ করেছেন ফরহাদ হোসেন। যুক্তরাষ্ট্রে আসার পরও তিনি হুমায়ূন আহমেদকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করে আসছেন। এর আগে তিনি ‘১৯৭১’ ও ‘ঘটনা সামান্য’-এর মতো নাটকও নির্দেশনা দিয়েছেন।

হুমায়ূনের প্রতি ভালোবাসা এবং ভিন্নধর্মী সৃষ্টিশীল কাজের আগ্রহ থেকেই ‘জ্বীন কফিল’-কে মঞ্চে আনার পরিকল্পনা শুরু হয়।

নাটকটি প্রসঙ্গে ফরহাদ হোসেন বলেন, প্রথমদিকে অনেকে বলেছিলেন এই গল্প স্টেজের জন্য উপযোগী নয়। তবে দলীয় সদস্যদের উৎসাহে শেষ পর্যন্ত নাট্যরূপের কাজ শুরু হয়। তিনি বলেন, এটি মূলত অডিও-ভিডিও, লাইটস ও লাইভ অভিনয়ের সমন্বয়ে নির্মিত একটি উপস্থাপনা।

তিনি আরও বলেন, “এই নাটকের মাধ্যমে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হবেন দর্শক। হুমায়ূন আহমেদের গল্প শুনলেই মানুষের মধ্যে এক ধরনের আবেগ কাজ করে। আমরা চেষ্টা করেছি সেই গল্পটিকে ভিন্নভাবে মঞ্চে উপস্থাপন করতে। দর্শক যেন মনে না করেন তারা শুধু বই পড়ছেন—এটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য।”

উল্লেখ্য, প্রথমে মনজুর চৌধুরী রাজীব গল্পটির নাট্যরূপ তৈরি করেন। পরে সেটিকে পুনর্গঠন করেন ফরহাদ হোসেন। ফ্ল্যাশব্যাক, দৃশ্যান্তর ও নাটকীয়তার নানা পরিবর্তনের মধ্য দিয়ে স্ক্রিপ্টটির মোট ১৭টি সংস্করণ তৈরি করা হয়।

প্রবাসজীবনের ব্যস্ততার মধ্যেও প্রায় ২৪ জন শিল্পী নিয়মিত মহড়ায় অংশ নিচ্ছেন। কেউ কেউ মাত্র একটি সংলাপ নিয়েও সমান আন্তরিকতায় যুক্ত রয়েছেন বলে জানান পরিচালক।

এছাড়া মেহের আফরোজ শাওন এবং হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ সহকারী পরিচালক জুয়েল রানা স্ক্রিপ্ট পড়ে মতামত দিয়েছেন। নাটকটির জন্য আনুষ্ঠানিক অনুমতিও নেওয়া হয়েছে বলে জানানো হয়।

সংগীত পরিচালনায় যুক্ত হয়েছেন মাকসুদ জামিল মিন্টু, যিনি হুমায়ূন আহমেদের বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন।

ডালাসে নতুন নাট্যদল ‘রংমঞ্চ’-এর এটি হবে প্রথম বড় আয়োজন। আয়োজকরা জানান, দুই দিনে প্রায় ৭০০ দর্শকের জন্য দুটি প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে। প্রথম প্রদর্শনী আগামী ২০ জুন সন্ধ্যা ৭টায় এবং দ্বিতীয়টি ২১ জুন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত