ঢাকা, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

৩ নির্মাতাকে পরিচালক সমিতি থেকে বহিষ্কার

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১৭:১৪

৩ নির্মাতাকে পরিচালক সমিতি থেকে বহিষ্কার
ছবি: সংগৃহীত

ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে পরিচালক সমিতি থেকে শাকিব খানের বহু ব্যবসাসফল ছবির নির্মাতা বদিউল আলম খোকনসহ তিন চলচ্চিত্র পরিচালককে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

বহিষ্কৃত অন্য দুই পরিচালক হলেন মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব। তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করার দাবিতে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। ওই মামলার প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে খোকনের আইনি পদক্ষেপ ও মামলার বিষয়টি সমিতির ভেতরে তীব্র অসন্তোষের জন্ম দেয়। তার জের ধরে বহিষ্কারের সিদ্ধান্ত।

এছাড়া মামলায় খোকনের সহযোগী হিসেবে মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু সামাজিক মাধ্যমে সমিতির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় লিপ্ত ছিলেন বলে অভিযোগ ওঠে।

শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’-সহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বদিউল আলম খোকন। অন্যদিকে, রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পান।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত