যেভাবে এলো মা দিবস
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১৭:২৭

পৃথিবীতে সবচেয়ে আপন ও নিরাপদ আশ্রয়স্থল হলো মা। একজন সন্তানকে বড় করে তুলতে মায়েরা অসীম ত্যাগ স্বীকার করেন। মায়েদের সেই ত্যাগকে সম্মান জানাতে বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস।
মা দিবসের ইতিহাস
মা দিবসের উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রবিবার দিবসটি পালিত হয় সেখানে। মা দিবসের ভাবনা প্রথম আসে ফিলাডেলফিয়ার আনা জারভিসের মাথায়।
তার মা আনা রিভস জারভিস বন্ধুত্ব ও স্বাস্থ্য নিয়ে কাজ করতেন। সন্তান মানুষ করাটা যে মায়েদের জন্য অনেক পরিশ্রমের কাজ, সেটা সবাইকে জানাতে চেয়েছিলেন তিনি।
ওয়েস্ট ভার্জিনিয়ার গ্র্যাফটনে মায়েদের একটা ‘ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেন রিভস। যার লক্ষ্য ছিল শিশু মৃত্যুহার কমিয়ে আনা। কারণ তিনি নিজেও তার নয়টি সন্তান হারিয়েছিলেন।
১৯০৫ সালের ৯ মে রিভস পৃথিবী থেকে বিদায় নেন। তারপর ১৯০৭ সালের ১২ মে মায়ের জন্য এক ছোট্ট স্মরণসভার আয়োজন করেন আনা। তার মা যে চার্চে যেতেন সেখানে মায়ের উদ্দেশে একটি ছোট্ট অনুষ্ঠান করেন। দিনটি ছিল রবিবার।
এরপরের পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রায় সব রাজ্যে মা দিবস পালনের প্রচলন শুরু হয়। মা দিবসের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন এ দিনটাকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বের বেশিরভাগ জায়গায় মা দিবস পালিত হয়।
বাংলাদেশ জার্নাল/এসআইপি










