পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৭:১৩ আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৩৫

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ এক জয় তুলে নিয়েছে ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়েছে ২০১৮ সালের রানার্সআপরা।
ম্যাচের শুরুতে অবশ্য বেশ চাপে ছিল ক্রোয়েশিয়া। বল দখলে পিছিয়ে থেকেও একের পর এক আক্রমণ সাজিয়ে ক্রোয়াটদের রক্ষণভাগ ব্যতিব্যস্ত করে তোলে পানামা। ২৩তম মিনিটে এগিয়েও যেতে পারত দলটি। ডান দিক থেকে আমির মুরিয়োর ক্রসে বক্সের ভেতর জোরালো হেড করেছিলেন হোসে লুইস রদ্রিগেস। তবে অসাধারণ দক্ষতায় বল স্পর্শ করে ক্রসবারে পাঠিয়ে দলকে রক্ষা করেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ।
প্রথমার্ধে ক্রোয়েশিয়াও একটি ভালো সুযোগ পেয়েছিল। যোগ করা সময়ে প্রায় ২৫ গজ দূর থেকে মার্তিন বাতুরিনার নেওয়া নিচু শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কৌশলগত পরিবর্তন আনেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ। পেটার মুসার পরিবর্তে মাঠে নামান আন্তে বুদিমিরকে। কোচের সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
৫৪তম মিনিটে ডান দিক থেকে ইয়োসিপ স্তানিসিচের বাড়ানো বল দূরের পোস্টের কাছে পা ছুঁইয়ে জালে পাঠান বুদিমির। সেই গোলেই এগিয়ে যায় ক্রোয়েশিয়া।
গোল হজমের পরও হাল ছাড়েনি পানামা। ৬৮তম মিনিটে আমির মুরিয়োর পরপর দুটি শট ঠেকিয়ে দেন লিভাকোভিচ। এরপর কর্নার থেকে কার্লোস হার্ভির হেড এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে আরেকবার দলকে রক্ষা করেন তিনি।
বাকি সময়ে দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
এই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদ্রিচ। জয়ের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকল তার এই অর্জন।
দুই ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড এবং দ্বিতীয় স্থানে আছে ঘানা। অন্যদিকে টানা দুই হারে বিদায় নিশ্চিত হয়েছে পানামার।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং তৃতীয় হওয়া সেরা আটটি দল নকআউট পর্বে খেলবে। সে হিসেবে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা এখনও ভালোভাবেই বেঁচে আছে ক্রোয়েশিয়ার।
গ্রুপপর্বের শেষ ম্যাচে আগামী শনিবার রাতে ঘানার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পানামা।
বাংলাদেশ জার্নাল/এনএম










