ঢাকায় ভূমিকম্প-সহনশীল ৪৪৫ আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২১:৫৮ আপডেট : ২৩ জুন ২০২৬, ২২:০৪

সরকার ঢাকায় ভূমিকম্প-সহনশীল ৪৪৫টি আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন।
মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংসদ সদস্য সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ ঝুঁকি হ্রাসের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৫৬ ও উত্তর সিটি এলাকায় ১৮৯ নিরাপদ আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।
'এসব স্থানকে আনুষ্ঠানিকভাবে "ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র" হিসেবে ঘোষণার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে,' যোগ করেন তিনি।
মন্ত্রী জানান, ঢাকা ও আশেপাশের এলাকায় ১ লাখ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার জন্য একটি সমন্বিত ভলান্টিয়ার ডেটাবেজ তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য নিয়ে এটি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, 'আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ এবং দ্রুত তথ্য প্রচারের ব্যবস্থা জোরদার করা হয়েছে।'
বাংলাদেশ ভূমিকম্প ও সুনামি-প্রবণ অঞ্চলের কাছাকাছি হওয়ায় প্রস্তুতি ও ঝুঁকি কমানোর বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, 'ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলার বিষয়টিও কঠোরভাবে জোরদার করা হচ্ছে।'
বাংলাদেশ জার্নাল/জে










