আজ অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা
গ্রুপের শীর্ষে উঠলে মেসিদের প্রতিপক্ষ কারা হতে পারে
ক্রীগা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ২১:১৩ আপডেট : ২২ জুন ২০২৬, ২১:২৩

প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মেসিদের লক্ষ্য শুধু পরের রাউন্ডে ওঠা নয়, বরং ফাইনালে পৌঁছানো—এমনটাই সমর্থকদের আলোচনার কেন্দ্রবিন্দু।
বিশেষ করে আজ রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ফল আর্জেন্টিনার গ্রুপ অবস্থান নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর জর্ডানের বিপক্ষে পরবর্তী ম্যাচও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে গ্রুপ জে-এর চূড়ান্ত চিত্র নির্ধারণে।
নিয়ম অনুযায়ী, আর্জেন্টিনা যদি আজ অস্ট্রিয়া ও পরের ম্যাচে জর্ডানকে হারায়, তাহলে তারা সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে যাবে। এমনকি একটি ম্যাচে পয়েন্ট হারালেও গোল ব্যবধান ও অন্যান্য ফলাফলের ওপর ভিত্তি করে গ্রুপ সেরা হওয়া সম্ভব।
গ্রুপ জে-তে আর্জেন্টিনা শীর্ষে থাকলে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ এইচ-এর দ্বিতীয় দল। বর্তমান অবস্থায় এইচ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। শীর্ষে আছে স্পেন এবং কেপ ভার্দে রয়েছে গোল ব্যবধানে পিছিয়ে।
আর্জেন্টিনা যদি গ্রুপে দ্বিতীয় হয় এবং স্পেন যদি এইচ গ্রুপে শীর্ষে থাকে, তাহলে শেষ ৩২-এ আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে আর্জেন্টিনা গ্রুপে তৃতীয় হলে পরিস্থিতি আরও জটিল হবে, তখন তাদের মুখোমুখি হতে হতে পারে গ্রুপ ডি, জি, এল, বি অথবা কে-এর চ্যাম্পিয়ন দলের সঙ্গে।
এইচ গ্রুপে এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। ২৭ জুন স্পেন খেলবে উরুগুয়ের বিপক্ষে এবং সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। এই ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ।
নিয়ম অনুযায়ী, উরুগুয়ে জয়ী হলে এবং কেপ ভার্দে পয়েন্ট হারালে স্পেন প্রতিপক্ষ হতে পারে। আবার উরুগুয়ে ও কেপ ভার্দে উভয়ই জিতলে গোল ব্যবধান, গোল সংখ্যা এবং ফেয়ার প্লে পয়েন্টের ভিত্তিতে অবস্থান নির্ধারিত হবে। উরুগুয়ে বর্তমানে ফেয়ার প্লেতে এগিয়ে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া কেপ ভার্দে বড় ব্যবধানে জিতলে এবং উরুগুয়ে ড্র করলে তাদের অবস্থানও বদলে যেতে পারে, যা আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে প্রভাব ফেলবে। অন্যদিকে সৌদি আরব জয় পেলে সেই পরিস্থিতিও হিসাব-নিকাশে নতুন সমীকরণ তৈরি করবে।
এবারের প্রতিযোগিতায় পয়েন্ট টেবিল নির্ধারণে অলিম্পিক পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। পয়েন্ট সমান হলে প্রথমে হেড-টু-হেড ফল, এরপর গোল ব্যবধান, গোল সংখ্যা, লাল ও হলুদ কার্ড এবং সর্বশেষে ফিফা র্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে।
সব মিলিয়ে আজকের অস্ট্রিয়া ম্যাচ এবং পরবর্তী জর্ডান ম্যাচ আর্জেন্টিনার গ্রুপ অবস্থান ও নকআউট পর্বের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বাংলাদেশ জার্নাল/এনএম










