ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয়

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৯:৩৭

২৭ থেকে ৮ কোটিতে নেমেছে বিটিভির আয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আয়ের চেয়ে ব্যয় প্রায় ৩২ গুণ বেশি বলে জাতীয় সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন স্টেশনটি নিয়ে এই তথ্য দেন মন্ত্রী।

তিনি বলেন, চলতি ২০২৫-২৬ অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে করসহ বিটিভির মোট আয় হয়েছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।

মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গেল অর্থবছরে (২০২৪-২৫) গণমাধ্যমটির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, ব্যয় হয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।

ফজলে হুদার প্রশ্নটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

মন্ত্রী জানান, চলতি অর্থবছরে বিটিভির আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখা থেকে রাজস্ব এসেছে ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।

তথ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।

২০২১-২২ অর্থবছরে আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয় ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা।

২০২৩-২৪ অর্থবছরে আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় হয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির ধারাবাহিক আয়-ব্যয়ের এই ব্যবধান নিয়ে সংসদে সরাসরি কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত