সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা: সংসদে জ্বালানিমন্ত্রী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৮:৫৫

সাড়ে ৩ মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার তথ্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
গেল মার্চ থেকে ১১ জুন পর্যন্ত আমদানি করা জ্বালানি তেলের এলসি পেমেন্টের বরাতে সোমবার জাতীয় সংসদে এই অঙ্ক তুলে ধরেন তিনি।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে গত মে মাস থেকে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে শুরু করেছে। তবে দাম কমার পরও দেশে জ্বালানি তেলের মূল্য আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনও অনেক কম।
আব্দুল খালেকের প্রশ্নটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে ওঠে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখনও ‘ব্রেক-ইভেনের’ উপরে রয়েছে। ফলে ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রিতে বিপিসিকে দৈনিক প্রায় ৭৮ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, এলপিজি ‘সহজলভ্য’ হওয়ায় আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ চালুর বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আটটি গ্রাহক শ্রেণিতে অনুমোদিত গ্যাস লোড অনুযায়ী দেশে প্রাকৃতিক গ্যাসের বর্তমান চাহিদা দৈনিক প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট।
এর বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরে এপ্রিল পর্যন্ত গড় গ্যাস সরবরাহ ছিল দৈনিক প্রায় ২ হাজার ৬৫৪ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ চাহিদার তুলনায় ঘাটতি দৈনিক প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, সব কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অবসরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দীর্ঘমেয়াদে টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সরকার নবায়নযোগ্য উৎসের প্রসারে কার্যক্রম নিয়েছে।
সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ আমদানি ও অন-গ্রিড নবায়নযোগ্য জ্বালানিসহ দেশে গ্রিডভিত্তিক মোট ১৩৭টি বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা মে মাস পর্যন্ত ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট।
যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, সারাদেশে বিদ্যুৎ সেবা আরও উন্নত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে।
বাংলাদেশ জার্নাল/সিএম










