ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

'আরমান-মুক্তি' প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১৮:৪৭

'আরমান-মুক্তি' প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নিজে প্রার্থী না হলেও 'আরমান-মুক্তি' প্যানেলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ।

সোমবার (২২ জুন) এফডিসিতে এসে নির্বাচন কমিশনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে বাপ্পারাজের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।

এরপর তার জায়গায় সভাপতি প্রার্থী হিসেবে যুক্ত হন ফাইটার ও প্রযোজক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বাপ্পারাজ বলেন, "আমি নিজে প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে, তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে আসা। ওদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে।"

বাপ্পারাজ উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মুক্তি বলেন, "শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান-মুক্তি প‍্যানেল। বাপ্পারাজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আজকে শিল্পী সমিতিতে আসার জন্য।"

তফসিল অনুযায়ী, আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের এই দ্বি-বার্ষিক নির্বাচন হবে।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম ও বি এইচ নিশান।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত