ঢাকা, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

মিরপুর টেস্ট: মুশফিক ফিরতেই চাপে বাংলাদেশ, ড্র-জয় দুটোই খোলা

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১০:১৫

মিরপুর টেস্ট: মুশফিক ফিরতেই চাপে বাংলাদেশ, ড্র-জয় দুটোই খোলা
ছবি: সংগৃহীত

পঞ্চম দিন সকালে দ্রুত রান তোলার চেষ্টায় উইকেট হারাল বাংলাদেশ। দিনের শুরুতেই ফিরে গেলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

হাসান আলির অফ স্টাম্পের বাইরের বল মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মুশফিক। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক‍্যাচ নেন শান মাসুদ। ভাঙে ৫৭ বল স্থায়ী ৩৬ রানের জুটি।

৩৭ বলে চারটি চারে ২২ রান করেন মুশফিক।

৫২.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৪। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।

চতুর্থ দিনের অনেকটা সময় বৃষ্টিতে নষ্ট হওয়ায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট ড্র হওয়ার সম্ভাবনা বেড়েছে। তবে উইকেটে বোলারদের জন‍্য সহায়তা বাড়তে থাকায় অন‍্য দুটি ফল এখনও সম্ভব। এই পরিস্থিতিতে অনেক কিছু মাথায় রেখে পঞ্চম ও শেষ দিন ব‍্যাটিংয়ে নামে বাংলাদেশ।

মঙ্গলবার খেলা শুরু হয় সকাল পৌনে ১০টায়।

বাংলাদেশ যদি পরাজয়কে সমীকরণের বাইরে ঠেলে দিতে নিরাপদ অবস্থানে যেতে চায়, তাহলে হয়তো গোটা প্রায় প্রথম সেশনই ব্যাট করতে হবে তাদেরকে। সেক্ষেত্রে জয়ের সম্ভাবনাও অনেকটা কমে যাবে।

বাংলাদেশের ব‍্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, পাকিস্তানের ১০ উইকেট নিতে বোলারদের অন্তত ৭৫ ওভার দিতে হবে এবং স্কোর বোর্ডে অন্তত ২৬০ রান লাগবে। সেক্ষেত্রে দ্রুত রান করার ঝুঁকি নিতে হবে স্বাগতিকদের।

পাকিস্তানের মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান সালমান আলি আগা মনে করেন, এই লক্ষ‍্য দিতে হলে সাহসী হতে হবে বাংলাদেশ দলকে এবং তার বিশ্বাস সাহসী হবে না বাংলাদেশ।

৩ উইকেটে ১৫২ রান দিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া স্বাগতিকরা এগিয়ে ছিল ১৭৯ রানে।

বৃষ্টি ও আলোকস্বল্পতার বাধায় সোমবার খেলা হয় কেবল ৪৮.৪ ওভার। এই সময়ে ১৪৫ রান যোগ করে বাংলাদেশ।

১০৫ বলে ছয় চারে ৫৮ রানে ব‍্যাট করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ২৪ রানের জুটি গড়া মুশফিকুর রহিম ৩১ বলে তিন চারে ব‍্যাট করছিলেন ১৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩

পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৬

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৭/০) ৫০.৩ ওভারে ১৫২/৩ (জয় ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬, শান্ত ৫৮*, মুশফিক ১৬*; আফ্রিদি ১২-২-৩৯-১, আব্বাস ১৪-৩-৩৫-১, হাসান ১১.৩-২-২৩-১, সালমান ৫-০-১৮-০, হাসান ৮-০-৩২-০)

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত