ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পুলিশ সদস্য গিয়ে দেখলেন নিহত স্কুলছাত্র তারই সন্তান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৮:৩৪

দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পুলিশ সদস্য গিয়ে দেখলেন নিহত স্কুলছাত্র তারই সন্তান
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ শহরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় মোহাম্মদ তুহিন (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যাওয়া পুলিশের টহলদল জানতে পারে, নিহত শিশুটি টহলদলে থাকা গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকেরই ছেলে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে দিকে শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানার গাড়িচালক পুলিশ সদস্য শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন জানান, সকালে থানায় একটি মোবাইল নম্বর থেকে ফোন করে জনতা স্কুল রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হওয়ার খবর দেওয়া হয়।

সে সময় নিহতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশের একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে রওনা দেয়। ওই টহল দলে গাড়িচালক হিসেবে দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য শামসুল হক।

ঘটনাস্থলে পৌঁছে টহলদলের সদস্যরা দেখতে পান, ট্রাকচাপায় নিহত স্কুলছাত্রটি আর কেউ নয়, পুলিশ সদস্য শামসুল হকের ছেলে তুহিন।

মুহূর্তেই ঘটনাস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/এসআইপি

  • সর্বশেষ
  • পঠিত