ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারে, মে মাসের পর প্রথম

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৩

বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারে, মে মাসের পর প্রথম
ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত নতুন আকার ধারণ করায় মে মাসের পর এই প্রথম বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে পৌঁছেছে।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়ায় কয়েকদিন ধরেই বাড়ছিল জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম একলাফে ছয় শতাংশের বেশি বেড়ে গেছে।

মূলত ইয়েমেনের হুতি মিলিশিয়ারা লোহিত সাগরে তেলের ট্যাঙ্কারে হামলা চালানোর পর তেলের এই মূল্যবৃদ্ধি দেখা গেল। হুতিরা লোহিত সাগরে সৌদি আরবের তেল রপ্তানি পথে নৌ-অবরোধ আরোপ করে হুমকি হয়ে আছে।

অবরুদ্ধ হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরব লোহিত সাগরের রুট ব্যবহার করেই মূলত তেল রপ্তানি করে আসছিল। কিন্তু এখন এই রুটটিও হুমকির মুখে পড়ায় নতুন করে তেলের দাম বেড়ে গেছে।

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ফলে তেলের দাম কিছুটা কমে আসছিল। গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের পর্যায়ে নেমে এসেছিল তেলের দাম।

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি টেকেনি। উপরন্তু এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “ইরান পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা কোনও চুক্তি করতে প্রস্তুত নন।”

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।

এতে সাধারণ ভোক্তাদের ব্যয় বেড়ে যাবে। কারণ, তেলের দাম বাড়লে পেট্রল ও ডিজেলের দামও আকাশচুম্বী হয়ে যায়।

এতে সরাসরি গাড়িচালকেরা ভুক্তভোগী হওয়া ছাড়াও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বর্ধিত পরিবহন খরচ গ্রাহকদের ওপর চাপানোয় খাবারসহ অন্যান্য পণ্যের দামও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

বাংলাদেশ জার্নাল/জে

  • সর্বশেষ
  • পঠিত