স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৭:৩৯

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রের সর্বোচ্চ পদের ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন। আর রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির পদত্যাগকে কেন্দ্র করে ইতোমধ্যেই স্পিকারের সরকারি বাসভবনের সামনে ভিভিআইপি পর্যায়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পিকারের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর গাড়িবহর মোতায়েনের পাশাপাশি প্রয়োজনীয় সব প্রটোকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রটোকল প্রস্তুত
রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই দুপুরের পর থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়।
রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর গাড়িবহর জাতীয় সংসদ ভবনে পৌঁছায়। একই সঙ্গে স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত ভিআইপি প্রটোকলও প্রস্তুত করা হয়।
স্পিকারের বাসভবনে গিয়ে দেখা যায়, বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে এসএসএফের প্রটোকল বহরের গাড়ি এবং রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি গাড়ি জাতীয় সংসদ ভবনে পৌঁছে। সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি গাড়ি রাখা হয়। এছাড়া এসএসএফের প্রটোকলের আরও দুটি গাড়িও দেখা গেছে।
গত কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও গুঞ্জন চলছিল। এরই মধ্যে থাইল্যান্ডে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই আজ দুপুরে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বাংলাদেশ জার্নাল/এসআইপি









